Advertisement

মার্কিন কংগ্রেসে ১০০ ছাড়াল ডেমোক্র্যাট নারী সদস্যের সংখ্যা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মার্কিন কংগ্রেসে ১০০ ছাড়াল ডেমোক্র্যাট নারী সদস্যের সংখ্যা
মার্কিন কংগ্রেস। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ১০০ জনের বেশি ডেমোক্র্যাট নারী দায়িত্ব পালন করবেন। অ্যাসোসিয়েটেড প্রেসের মধ্যবর্তী নির্বাচনী ফলাফল ঘোষণা এবং রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

Advertisement

কংগ্রেসের নিয়ন্ত্রণ আবারও ডেমোক্র্যাটদের হাতে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে ‘ব্লু ওয়েভ’ তৈরি হয়েছে, তা প্রতিনিধি পরিষদে দলটির নারী প্রতিনিধিত্বেও বড় পরিবর্তন আনছে। একই সঙ্গে ক্ষমতায় থাকা ডেমোক্র্যাট ও রিপাবলিকান নারী প্রতিনিধিদের সংখ্যার ব্যবধানও আরও বাড়ছে।

Advertisement

স্থানীয় সময় গতকাল বুধবার সকালে কয়েক ডজন আসনের ফলাফল তখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে ডেমোক্র্যাট দলের অন্তত ১০২ জন নারী প্রতিনিধি পরিষদের আসনে জয় নিশ্চিত করেছেন। আরও এক ডজনের বেশি আসনে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট নারী প্রার্থীরা।

নির্বাচনের কয়েক দিন আগে ফ্লোরিডার কিসিমিতে একটি কফিশপে দেওয়া বক্তব্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেন, “নারী প্রতিনিধির সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। মানুষ যেন কংগ্রেসের দিকে তাকিয়ে সেখানে নিজেদের প্রতিফলন দেখতে পায়, সেটি জরুরি।”

অন্যদিকে, প্রতিনিধি পরিষদে জয়ী রিপাবলিকান নারী প্রার্থীর সংখ্যা ডেমোক্র্যাট নারীদের তুলনায় ছয় ভাগের এক ভাগেরও কম। এখন পর্যন্ত রিপাবলিকান দলের ১৬ জন নারী জয় পেয়েছেন। ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকা আরও চারটি আসনে এগিয়ে রয়েছেন রিপাবলিকান নারী প্রার্থীরা।

এই চারজনের এগিয়ে থাকার অবস্থান শেষ পর্যন্ত জয়েও পরিণত হলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নারী সদস্যের সংখ্যা ৩০ থেকে কমে ২০-এ দাঁড়াবে।