রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বিকেলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
ডিএনসিসির ভাষ্য, রাজাবাড়ি এসটিএস এলাকায় দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় একদল ব্যক্তি হামলা চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, পুলিশের উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সে সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় প্রশাসক ও সংসদ সদস্য অক্ষত রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘‘স্থানীয়দের একটি পক্ষ এসটিএসের কার্যক্রমে বাধা দেওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের প্রায় ১৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করতে গেলে প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপরও হামলার চেষ্টা হয়।’’
তিনি বলেন, ‘‘অতর্কিত হামলায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন. ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।’’
ডিএনসিসির দাবি, এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন।
এদিকে, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আটক করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মির্জা তারেক আহমেদ।