বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’ থেকে এয়ারক্রাফট ক্রয়ের সিদ্ধান্তকে বর্তমান বিএনপি সরকারের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব টক-এ কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
ফরাসি রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় জানান, ফ্রান্স ও ইউরোপ একক কোনো ব্যবসায়িক চুক্তিতে নয়, বরং টেকসই ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে বিশ্বাস করে। তিনি বলেন, “আমরা অংশীদারত্বে বিশ্বাস করি। আপনি একটি চুক্তি করে সরে পড়বেন—আমরা এমনটাতে বিশ্বাস করি না, কাজও করি না। বর্তমান সরকার কীভাবে ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায়, এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি সেটিরই একটি বড় পরীক্ষা।”
সম্প্রতি সরকার সিয়াটলভিত্তিক বোয়িংয়ের কাছ থেকে ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি সম্পন্ন করেছে এবং আরও ১১টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করছে। এই পরিস্থিতির মধ্যেও ইউরোপীয় রাষ্ট্রদূত ইঙ্গিত দেন যে, ইউরোপের মানচিত্রে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান ও দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৪৮ শতাংশ রপ্তানি যায় ইউরোপের বাজারে। আগামী দিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এফটিএ বাস্তবায়িত হলে ইউরোপের ২৭টি দেশে বাংলাদেশের বাণিজ্যের বিশাল সুযোগ তৈরি হবে। সুতরাং বাংলাদেশ ইউরোপকে কী ধরনের বার্তা দিচ্ছে এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে গ্রহণ করছে পুরোদমে চালু করা হবে বলে জানান তিনি।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য ভারসাম্যে ফ্রান্সের ঘাটতি রয়েছে। কারণ ফরাসি রপ্তানির তুলনায় বাংলাদেশ থেকে পণ্য (বিশেষ করে তৈরি পোশাক) আমদানি উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশ থেকে ফ্রান্সের আমদানির প্রায় ৯৫ শতাংশই বস্ত্র খাত (পোশাক ও পরিধেয়) সংক্রান্ত। অবশিষ্ট আমদানির মধ্যে প্রধানত বড় বড় চুক্তি, মহাকাশ শিল্প, যন্ত্রপাতি ও প্রযুক্তি অন্তর্ভুক্ত।
জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, পরিবহন, জ্বালানি ও সহনশীল নগর উন্নয়নে কর্মরত প্রধান শিল্পগোষ্ঠীগুলোর মাধ্যমে বাংলাদেশে ফরাসি উপস্থিতি টিকে রয়েছে। তবে ওষুধ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে বাণিজ্যের বৈচিত্র্যায়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।