ads

কি থাকছে ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে?

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কি থাকছে ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে?
২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া ও ভারত। ছবি : আইসিসি

ওয়ানডে বিশ্বকাপের এক বছর আগে ফরম্যাটে বদল এনেছে আইসিসি। ১৪ দলের পরবর্তী আসরে রোমাঞ্চ যোগ করতে যুক্ত করা হয়েছে সুপার সিরিজ ও সুপার সেভেন রাউন্ড।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে পরিবর্তনের হাওয়া আগে থেকেই ছিল। স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সম্মেলনের পর নতুন ফরম্যাটের ঘোষণা দেওয়া হয়েছে। আইসিসির আশা, এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে।

Advertisement

নতুন ফরম্যাটের উল্লেখযোগ্য দিক সুপার সিরিজ। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া ১২ থেকে ১৪ নম্বরে থাকা দলগুলো প্রথমে সুপার সিরিজে অংশ নেবে। এখান থেকে একটি দেশই পরে গ্রুপ পর্বে খেলতে পারবে। বাকি দুই দল বাদ।

এরপর ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। ৬ দলের গ্রুপ ফরম্যাট থেকেই মূলত শুরু হবে বিশ্বকাপ। দুটি গ্রুপের শীর্ষ তিনটি দলের সঙ্গে দুই গ্রুপ মিলিয়ে সেরা চতুর্থ স্থানে দল নিয়ে এরপর হবে সুপার সেভেন রাউন্ড।

সুপার সেভেনের দলগুলো একে অপরের বিপক্ষে খেলার পর শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। এরপর যথারীতি ফাইনাল।

আইসিসি তাদের বিবৃতিতে বিশ্বকাপের বাছাইপর্ব নিয়ে কিছু জানায়নি। তাই ধারণা করা হচ্ছে, আগের নিয়মই বহাল থাকবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, ১০টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। সেখানে থাকবে তিন স্বাগতিক দলের দুই আইসিসির পূর্ণ সদস্য দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি ৮টি দল নির্ধারিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল থেকে।

আর বাকি চারটি দল চূড়ান্ত হবে ১০ দলের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে। এই টুর্নামেন্টে খেলবে র‍্যাঙ্কিংয়ের ১১ ও ১২তম দল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট লিগ-২ থেকে চারটি দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের আরও চার দল।

২০২৭ বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণ করবে, এই সিদ্ধান্ত পাঁচ বছর আগেই চূড়ান্ত করেছিল আইসিসি। এর আগে ক্রমেই কমছিল অংশগ্রহণকারী দলের সংখ্যা। ২০১১ সালে ছিল ১৬ দল। ২০১৫ সালে তা নেমে আসে ১৪ দলে। তবে ২০১৯ ও ২০২৩ আসর হয় মাত্র ১০ দল নিয়ে।

পরিবর্তন আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও

ওয়ানডের পাশাপাশি বদল এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটেও। এখানে অবশ্য পরিবর্তন মূল আসরে। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলই অংশ নেবে এবং ম্যাচ সংখ্যা থাকবে ৫৫টি। তবে যুক্ত করা হয়েছে আইপিএলের আদলে দুটি ‘এলিমিনেটর’ ম্যাচ।

নতুন নিয়মে প্রথম পর্বের ম্যাচ ৪০টি থেকে কমে হবে ৩০টি। অন্যদিকে দ্বিতীয় পর্বের ম্যাচ ১২ থেকে বাড়িয়ে ২০ করা হয়েছে। এরপর সেমিফাইনালের আগে যোগ করা হয়েছে দুটি ম্যাচ, যা কার্যত কোয়ার্টার ফাইনাল হিসেবেই গণ্য হবে।

গ্রুপের দলের সংখ্যাতেও আসছে পরিবর্তন। পাঁচটি দল নিয়ে চারটি গ্রুপের বদলে চার দল নিয়ে করা হবে পাঁচটি গ্রুপ। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী পর্বে অংশ নেবে।

এরপর দ্বিতীয় পর্বে মোট ১০টি দল নিয়ে গঠিত হবে ‘সুপার টেন’। এই ১০ দলকে আবার পাঁচ দল করে ভাগ করা হবে দুটি গ্রুপে।

সুপার টেনের দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনালে খেলবে। আর গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চারটি দলের মধ্যে হবে এলিমিনেটর ম্যাচ। বিজয়ীরা চলে যাবে সেমিফাইনালে।

সম্পর্কিত