বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন।
বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই সম্মেলনে বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতের রূপান্তর, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্প্রসারণ এবং এ খাতের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়।
মাস্টারকার্ডের সৌজন্যে ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় ও উপায়ের সহযোগিতায় সম্মেলনে দেশের ডিজিটাল আর্থিক সেবার বিকাশে বিদ্যমান সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
আলোচনায় উঠে আসে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা। অধিকতর মানুষকে আর্থিক সেবার আওতায় আনা, গ্রাহকের আস্থা বাড়ানো ও প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করার মতো বিষয়গুলোও আলোচনায় প্রাধান্য পায়।
এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব।
দুটি কিনোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, একটি এক্সপার্ট ডিপ ডাইভ, একটি ইনসাইট সেশন ও একটি কেইস স্টাডির সমন্বয়ে চলতি বছরের সামিট অনুষ্ঠিত হয়।
সামিটের কিনোট সেশনগুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সফাই গ্লোবালের চিফ ব্যাংকিং অ্যান্ড নেটওয়ার্ক অফিসার নওশাদ হুসেইন।
এক্সপার্ট ডিপ ডাইভ সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিউব মানির কো-ফাউন্ডার অ্যান্ড সিইও গাজী ইয়ার মোহাম্মদ।
এই আলোচনাগুলোতে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ওসমান এরশাদ ফায়েজ, পুবালি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের চার্টার্ড ইনস্যুরার ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফারজানা চৌধুরী, ব্যাংক এশিয়ার অ্যাডভাইজর আলী রেজা ইফতেখার, উপায়ের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও শ্যামল বি. দাস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা লাবণী, র্যাপটাসের চিফ এক্সিকিউটিভ অফিসার ইউসুপ ফারুক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ডিন অব বিজনেস অ্যান্ড পলিসি অ্যাডভাইজর প্রফেসর ইমরান রহমানসহ অন্যান্য বক্তারা।