তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে আন্তঃব্যবহারযোগ্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ইউআইইউ-এর উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। ইউআইইউ-এর সহযোগিতায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক, ওয়ান ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ ৪০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিবান্ধব ক্যাশলেস অর্থনীতির রূপকল্প বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউআইইউ-এর শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে নির্ধারিত আউটলেটগুলোতে যেকোনো ব্যাংকিং বা ডিজিটাল ওয়ালেট অ্যাপের ‘বাংলা কিউআর’ ব্যবহার করে তাৎক্ষণিক ও সুবিধাজনক পেমেন্ট করতে পারবেন। উদ্বোধন উপলক্ষ্যে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থী ও অতিথিরা সরাসরি বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেনের অভিজ্ঞতা নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডিজিটাল পেমেন্ট, আর্থিক উদ্ভাবন এবং ব্যাংকিং খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। একই সাথে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে ‘বাংলা কিউআর’-এর গুরুত্ব ও প্রভাব নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র উপস্থাপনা করা হয়।
এ উদ্যোগ সম্পর্কে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, “দৈনন্দিন জীবনে আর্থিক সেবা যখন আরও সহজ ও সহজলভ্য হয়ে ওঠে, তখনই ডিজিটাল রূপান্তর অর্থবহ হয়। ইউআইইউ-তে বাংলা কিউআর চালুর মাধ্যমে তরুণ প্রজন্ম সরাসরি স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা লাভ করছে, যা ক্যাশলেস বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখবে।”
এই যৌথ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে ডিজিটাল লেনদেনের প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।