রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম এফবিএইচআর জাতীয় মানবসম্পদ সম্মেলন। আজ শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এই সম্মেলনের উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল-‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য নতুন দক্ষতা অর্জন’।
সম্মেলনে ভবিষ্যতের কর্মজগতের পরিবর্তিত চাহিদা, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের পুনরায় দক্ষ করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দেশের মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় এফবিএইচআরের সভাপতি ড. মুশাররফ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদ সোবহানী, দেশি-বিদেশি বিশিষ্ট মানবসম্পদ বিশেষজ্ঞ, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।