
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে মোহাম্মদ ইয়াসিন (৫০) নামে এক ডক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
আজ রোববার দুপুরে বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ইয়াসিন ওই জাহাজে পণ্য খালাস তদারকির দায়িত্বে থাকা একটি বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজে কাজ করার সময় আকস্মিকভাবে তিনি সমুদ্রে পড়ে যান। নিখোঁজ কর্মীকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের আশপাশে অবস্থানরত সব ধরনের জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে।