Advertisement Banner

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
ইরান-আমেরিকার পতাকা। ছবি: রয়টার্স

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, আলোচনা সামনে রেখে মার্কিন-ইরানি প্রতিনিধিদলগুলো আগামীকাল রোববার পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পরে ইসরায়েলও যুদ্ধবিরতি সমর্থন করে।

এরপর একটি চুক্তি করার উদ্দেশ্যে গত সপ্তাহের শেষে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে যান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা সই করতে তিনি পাকিস্তানে যেতে পারেন। ট্রাম্প আরও বলেন, ইরান প্রায় সবকিছুতে রাজি হয়েছে।

লাস ভেগাস সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’’

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটির মেয়াদ আর বাড়ানোর দরকার নেই। কারণ তার আশা এই সময়ের মধ্যেই ইরানিদের সঙ্গে তাদের স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে।

সম্পর্কিত