Advertisement Banner

ম্যাচের মধ্যেই নিজের ওপর রেগে গিয়েছিলেন মেসি?

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ম্যাচের মধ্যেই নিজের ওপর রেগে গিয়েছিলেন মেসি?
ছবি : রয়টার্স

জোড়া গোলে দলকে জিতিয়েছেন, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন— অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি ছিলেন চেনা ছন্দেই। এরপরও একটা পর্যায়ে নিজের ওপর ভীষণ রাগ হচ্ছিল আর্জেন্টিনা অধিনায়কের। মূলত পেনাল্টি মিস করেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন মেসি।

মেসি ম্যাচটা শুরু করেছিলেন বিশ্বকাপে ১৬ গোল নিয়ে। নবম মিনিটেই সুযোগ এসেছিল সর্বোচ্চ গোলের মালিক হয়ে যাওয়ার। তবে বিস্ময়করভাবে বল পোস্টের বাইরে মেরে বসেন মেসি। পরে ঠিকই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখেছেন। করেছেন জোড়া গোল।

ম্যাচের পর মেসি শোনান পেনাল্টি মিস নিয়ে হতাশার কথা, “আজ ম্যাচের একটা মুহূর্ত ছিল, যখন নিজের ওপর আমার খুব রাগ হয়েছিল। কারণ আমি পেনাল্টিটা মিস করেছি এবং শটটা খুব বাজেভাবে নিয়েছি। তবে ভাগ্য ভালো যে আমরা পরিস্থিতি বদলাতে পেরেছি। গোল করেছি এবং খুব গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি।”

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোলের মালিক মেসি, কিন্তু বিশ্বকাপের মঞ্চে পেনাল্টিতে রেকর্ড তার তুলনামূলক খারাপই। টানা তিন বিশ্বকাপে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি তিনটি পেনাল্টি মিস করার রেকর্ডও তারই দখলে।

অস্ট্রিয়ার বিপক্ষে অবশ্য গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসিকে। ৩৮ মিনিটে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। এরপর যোগ করা সময়ে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন। নাম লেখান ইতিহাসে।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ ছিল না বলেই জানিয়েছেন মেসি, “এটা খুব কঠিন একটা ম্যাচ ছিল। আমরা জানতাম ম্যাচে অনেক লড়াই হবে। এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না।”

সম্পর্কিত