ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে: তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে: তারেক রহমান
গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

ভোটের ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে রাজধানীর গুলশানে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

তারেক রহমান বলেন, ‘‘ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”

তিনি অভিযোগ করেন, ভোটের আগের দিন থেকেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা আশা করেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি চেয়ারম্যান তারেক বলেন, ‘‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’’

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। তবে ভোটে কারচুপি বা বিভ্রান্তি সৃষ্টি হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন।

তারেক রহমান আরও বলেন, ‘‘শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটই গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।’’

বিএনপির শীর্ষ নেতা বলেন, ‘‘আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে।”

ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাষানটেক, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডির ২৭ নং সড়ক, সোহানবাগ ঘুরে নিজের কার্যালয়ে আসেন তিনি।

তারেক রহমান বলেন, ‘‘আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গত দুই দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে, ভোট দেয়ার জন্য আমরা প্রত্যাশা করি যে, ইনশাআল্লাহ আজকে সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে।”

সম্পর্কিত