জার্মানিতে আলুর বাম্পার ফলন, বিনামূল্যে বিতরণ শুরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জার্মানিতে আলুর বাম্পার ফলন, বিনামূল্যে বিতরণ শুরু
জার্মানিতে আলুর বাম্পার ফলন। ছবি: রয়টার্স

জার্মানিতে এ বছর আলুর রেকর্ড ফলন হয়েছে। দেশটিতে এত বেশি আলু উৎপাদন হয়েছে যে অনেক জায়গায় তা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় আলু উৎপাদক দেশ জার্মানি জানিয়েছে, গত বছরের ফলন দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ বেশি। অনুকূল আবহাওয়া ও চাষের পরিমাণ বাড়ানোকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে শুধু জার্মানি নয়, বেলজিয়াম, ফ্রান্স এবং নেদারল্যান্ডসেও আলুর ভালো ফলন হয়েছে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

লাইপজিগের কাছে একটি খামারে প্রায় চার হাজার টন আলু অতিরিক্ত জমে ছিল। রাজধানী বার্লিনে প্রায় ২০০টি স্থানে বিনামূল্যে আলু বিতরণের ব্যবস্থা করা হয়েছে। একটি রেস্তোরাঁ এক টন আলু বিলি করে, যা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায়। খাদ্য সহায়তা সংস্থাগুলোও বিপুল পরিমাণ আলু সংগ্রহ করেছে। স্কুল, গৃহহীন আশ্রয়কেন্দ্র এবং চিড়িয়াখানাতেও আলু সরবরাহ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আলু এমন একটি ফসল যা সহজে সংরক্ষণ করা যায় এবং পুষ্টিগুণও বেশি। সেদ্ধ, ভর্তা, প্যানকেক, স্যুপসহ নানা খাবার তৈরি হয় আলু দিয়ে। তাই অতিরিক্ত উৎপাদন হলেও তা কাজে লাগানো সম্ভব।

স্প্যানিশ অভিযাত্রীদের মাধ্যমে দক্ষিণ আমেরিকার অ্যান্ডিজ অঞ্চল থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আলুর চাষ। আজ পৃথিবীর ১৫০টিরও বেশি দেশে এক বিলিয়নের বেশি মানুষ আলুর ওপর নির্ভরশীল। কিন্তু আলুর ফসল নষ্ট হলে তার ভয়াবহতা খুবই কঠিন। ১৮৪৫ সালের আইরিশ আলু দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা যায়, একইসাথে প্রায় ৩০ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়।

দুর্ভিক্ষ ঠেকাতে ১৭৫৬ সালে প্রুশিয়ার সম্রাট ফ্রেডারিক দ্য গ্রেট জারি করেন বিখ্যাত ‘আলু ফরমান’, যেখানে কৃষকদের জমির কমপক্ষে দশভাগের একভাগে আলু চাষ বাধ্যতামূলক করা হয়েছিল। কথিত আছে, তিনি আলুর ক্ষেত পাহারা দিতে সৈন্য পাঠাতেন যাতে করে কৃষকরা বুঝতে পারে আলু কতটা মূল্যবান। আজও তার সমাধিতে মানুষ শ্রদ্ধা হিসেবে আলু রেখে যায়।

সম্পর্কিত