Advertisement Banner

বিশ্বকাপে ইরানকে ‘জায়গা দেবে না’ যুক্তরাষ্ট্র

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিশ্বকাপে ইরানকে ‘জায়গা দেবে না’ যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে আমেরিকায় অবস্থান করতে পারবে না ইরানের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের ম্যাচ থাকলেও দেশটিতে অবস্থান করতে পারবে না ইরান। এর পরিবর্তে তাদের থাকতে হবে আরেক স্বাগতিক দেশ মেক্সিকোতে। কেবল ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে ইরান দল। আর খেলা শেষেই আবার ফিরে যেতে হবে মেক্সিকোতে।

গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফিফার পক্ষ থেকে তাদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল। কারণ, ইরানকে কোনোভাবেই বিশ্বকাপের পুরোটা সময় নিজেদের দেশে থাকতে দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।

শেইনবাউম আরও বলেন, “ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমরা দেখছি না।”

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে। সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে তাদের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি। এরপর একই শহরে ২১ জুন খেলবে বেলজিয়ামের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিসর।

গত মার্চে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিশ্বকাপে অংশ নিতে ইরানকে তার দেশে স্বাগত জানানো হবে। তবে নিরাপত্তার কারণে পুরো বিশ্বকাপে তাদের যুক্তরাষ্ট্রে থাকা উপযুক্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ নিশ্চিত করেছেন, বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাদের ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় নেওয়া হচ্ছে। তার আশা, এর মাধ্যমে ভিসা-সংক্রান্ত জটিলতা কমবে এবং সরাসরি ফ্লাইট ব্যবস্থাও সহজ হবে। পরে এই পরিবর্তনের খবরটি নিশ্চিত করে ফিফাও।

মূলত গত ফেব্রুয়ারি থেকে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। মার্চেই ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিল ফিফার কাছে। তবে শেষ পর্যন্ত সূচিতে কোনো পরিবর্তন আসেনি।

সম্পর্কিত