Advertisement Banner

সংসদে অনুপস্থিত এমপিদের নিয়ে কী বললেন স্পিকার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সংসদে অনুপস্থিত এমপিদের নিয়ে কী বললেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনার শেষ পর্যায়ে আজ রোববার (২৮ জুন) তালিকাভুক্ত বক্তাদের নাম ডাকার পরও তাদের অনুপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি সংসদ সদস্যদের নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে এবং বরাদ্দকৃত সময় কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে সংসদ সদস্যদের বক্তব্যের পালা আসার আগেই আগাম অবহিত করার অনুরোধ জানান।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্পিকার বলেন, “একটি তালিকা রয়েছে, কিন্তু সদস্যদের নাম ডাকলে তাদের পাওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে তাদের আগে থেকেই জানিয়ে দিন, যাতে তারা প্রস্তুত থাকতে পারেন।”

তিনি সংসদ সদস্যদের প্রতি বরাদ্দকৃত সময়ের মধ্যে বক্তব্য শেষ করারও আহ্বান জানান।

হাফিজ উদ্দিন বলেন, “আমি বিনীতভাবে সব বক্তার প্রতি অনুরোধ করছি, নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করুন। অনুগ্রহ করে ঘড়ির দিকে খেয়াল রাখুন।”

তিনি আরও বলেন, বিশেষ করে নবনির্বাচিত সংসদ সদস্যদের উচিত সময় শেষ হতে এক মিনিট বাকি থাকতেই বক্তব্য গুটিয়ে আনা এবং শেষ মুহূর্তে প্রয়োজনে মূল বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরা অথবা নিজ নিজ নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে উল্লেখ করা।

স্পিকারের বক্তব্যের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদকে জানান, বাজেটের ওপর সব আলোচনা আজই শেষ করতে হবে। যারা নির্ধারিত দিনে বক্তব্য দিতে পারবেন না, তাদের জন্য পরে আর কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, সোমবার সকালের অধিবেশনে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং অর্থমন্ত্রী বক্তব্য দেবেন। আর বিকেলের অধিবেশনে অর্থ বিল পাস হওয়ার কথা রয়েছে।

চিফ হুইপ আরও স্মরণ করিয়ে দেন, সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৩০ জুন মাগরিবের আগেই বরাদ্দ বিল (অ্যাপ্রোপ্রিয়েশন বিল) পাস করতে হবে, যাতে মধ্যরাতের আগেই রাষ্ট্রপতি তাতে সম্মতি দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পান।

তিনি বলেন, “সময়সূচি বাড়ানোর কোনো সুযোগ নেই। সবাইকে আজই বক্তব্য শেষ করতে হবে।”

চিফ হুইপ সংসদের নির্ধারিত কর্মসূচি সময়মতো সম্পন্ন করতে সব সংসদ সদস্যকে তাদের বরাদ্দকৃত সময় কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।

সম্পর্কিত