Advertisement Banner

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এই কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আর অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপসচিব ও পরিচালক এ বি এম এহসানুল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচনের জন্য প্রযোজ্য সব নিয়ম ও বিধি অনুসরণ করে ২০২৬ সালের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে এই নির্বাচন কমিশন।

নির্বাচন কবে হবে–সে ব্যাপারে অবশ্য কিছু উল্লেখ করা হয়নি।

২০২৫ সালের অক্টোবরে হয়েছিল বিসিবির সর্বশেষ নির্বাচন। তবে সেখানে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত এপ্রিলে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ ভেঙে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপর থেকে তিন মাসের জন্য দায়িত্বে আছে তামিম ইকবালকে প্রধান করে গঠিত অ্যাডহক কমিটি। এই তিন মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে বিসিবিকে।

সম্পর্কিত