Advertisement Banner

স্ত্রী-শাশুড়িকে দা দিয়ে কোপানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে

স্ত্রী-শাশুড়িকে দা দিয়ে কোপানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে
প্রতীকী ছবি

পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ধারালো বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে। গতকাল রোববার রাত ৮টার দিকে সিলেটের ওসমানী নগর উপজেলায় ঘটনাটি ঘটে।

ঘটনায় অভিযুক্ত জামাতা ছানু মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। ছানু মিয়া নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানায়, বেশ কয়েক বছর আগে রেশমা বেগমকে (৩০) বিয়ে করেন ছানু মিয়া। এর মধ্যে তাদের ঘরে ছেলে ও কন্যা সন্তান জন্মগ্রহণ করে। দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুর স্কুল রোডে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন তারা। সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না।

প্রত্যক্ষদর্শী আরও জানায়, গতকাল রোববার রাতে স্বামী ছানু মিয়া তার দুই সন্তানকে নিয়ে রেশমাদের বাসায় খেতে এলে উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ছানু মিয়া বটি (দা) দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুড়ি আজিরুন বেগমকে (৬৫) কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসমানী নগর থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা জামাতা ছানু মিয়াকে আটক করি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ছানু মিয়াকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

সম্পর্কিত