চরচা প্রতিবেদক

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে বিষয়টি। বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে ঢাকা শহরের সংসদ সদস্যকে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি আসনে জিতেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান—ঢাকা–১৭ ও বগুড়া–৬। আজ সোমবার তিনি ঢাকা–১৭ রেখে বগুড়া–৬ ছেড়ে দিয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। ফলে আগামীকাল মঙ্গলবার তারেক রহমান ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
নির্বাচনে ২০৯ আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। সবকিছু ঠিক থাকলে তারেক রহমানই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। আর তার প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর এই প্রথম ঢাকা শহরের একজন সংসদ সদস্য হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী।
এর আগে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে মাত্র দুজন সংসদ নির্বাচনে ঢাকা শহর থেকে নির্বাচন করে জিতেছিলেন। এদের মধ্যে আছেন শেখ মুজিবুর রহমান ও খালেদা জিয়া। শেখ মুজিব ১৯৭৩ সালের নির্বাচনে ঢাকা সূত্রাপুর ও কোতোয়ালি এলাকা থেকে নির্বাচন করে জিতেছিলেন। সে নির্বাচনে তিনি দেশের বিভিন্ন এলাকার আরও তিনটি আসনে নির্বাচন করে জয় পান। পরে তিনি নিজের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আসন রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছিলেন। খালেদা জিয়া ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৫ (বর্তমানে ঢাকা–১৭) ও ঢাকা–৯ (বর্তমানে ঢাকা–১০) আসন থেকে নির্বাচন করে জিতেছিলেন। সে নির্বাচনে তিনি আরও তিনটি আসনে (ফেনী–১, চট্টগ্রাম–৮, বগুড়া–৭) নির্বাচন করে জেতেন বাকিগুলোতেও। ফেনী–১ আসন রেখে ছেড়ে দেন বাকি আসনগুলো।

এরপর আর কোনো নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীরা ঢাকার কোনো আসন থেকে নির্বাচন করেননি। শেখ হাসিনা বিভিন্ন নির্বাচনে একাধিক আসন থেকে নির্বাচনে জিতলেও তিনি বরাবরই গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া) আসনের প্রতিনিধিত্ব করেছেন সংসদে। শেখ হাসিনা ১৯৯১ নির্বাচনে ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করে হেরে গিয়েছিলেন। তিনি সেবার ঢাকা–৭ (বর্তমানে ঢাকা–৬) ও ঢাকা–১০ (বর্তমানে ঢাকা–১২) আসনে নির্বাচন করেছিলেন।
শেখ মুজিব, খালেদা জিয়া ও শেখ হাসিনাই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রিত্ব করেছেন। এর বাইরে বাকি যারা প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সবাই ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধানমন্ত্রী। এই দলে আছেন—এম মনসুর আলী, মশিউর রহমান যাদু মিয়া, শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ ও কাজী জাফর আহমেদ। মনসুর আলী ছিলেন পাবনা–সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য, মশিউর রহমান রংপুর, শাহ আজিজ কুষ্টিয়া, মিজান চৌধুরী চাঁদপুর, মওদুদ আহমেদ নোয়াখালি ও কাজী জাফর ছিলেন কুমিল্লা (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য।
সে হিসেবে তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী, যিনি ঢাকা শহরের একটি আসনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি হতে যাচ্ছেন ‘ঢাকা শহরের’ প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী।