রমজানেই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি চলছে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রমজানেই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি চলছে
বাংলাদেশ নির্বাচন কমিশন। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে সংসদ সচিবালয়। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

আইন অনুযায়ী সাধারণ আসনের ফলাফল গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে এই তালিকা পাঠাতে হয়। সংসদ সচিবালয় যে তালিকা পাঠিয়েছে, তাতে মোট ভোটার সংখ্যা ২৯৬ জন। এখন ইসি আইনগত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন আয়োজনের পরবর্তী পদক্ষেপ নেবে।

নির্বাচনী আইনের হিসাব অনুযায়ী, বিএনপি সংরক্ষিত নারী আসনে ৩৪.৬৬ ভাগ প্রাপ্তির ভিত্তিতে ৩৫টি আসনে মনোনয়ন পাবে। জোটগত সমন্বয় হলে এ সংখ্যা ৩৬-এ উঠতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১১.৩৩ আসন হিসেবে ১১টি আসন, জোটগত অবস্থায় তা বেড়ে ১৩ হতে পারে। স্বতন্ত্র প্রার্থী ও ছোট দলগুলোর অবস্থান জোটের ওপর নির্ভরশীল–জোট হলে ১টি আসন পেতে পারে, না হলে কেউই আসন পাবে না।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজানের মধ্যেই করার পরিকল্পনা রয়েছে। ঈদের আগেই সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঈদের পরে অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নেয় ৫০টি দল। এর মধ্যে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।

সম্পর্কিত