Advertisement Banner

ওমান উপকূলে আমেরিকার হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ওমান উপকূলে আমেরিকার হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
ছবি: এক্স থেকে নেওয়া

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ওমান উপসাগরে একটি ট্যাংকারে মার্কিন সামরিক হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ। গতকাল বুধবার ওমানের উপকূলীয় এলাকায় সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

পালাউ-পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক। ওমানের সোহর বন্দরের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে যাওয়ার সময় হামলার খবর জানিয়ে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়।

ঘটনার পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘‘ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেলো-তে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর নিন্দা জানাচ্ছি।’’

সম্পর্কিত