Advertisement Banner

‘অসম্ভব বলে কিছু নেই’, মেসিদের হুঁশিয়ারি কেপ ভার্দের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘অসম্ভব বলে কিছু নেই’, মেসিদের হুঁশিয়ারি কেপ ভার্দের

ছোট দেশ কেপ ভার্দে কোচ বিশ্বকাপে তাদের প্রথম অংশগ্রহণেই গড়ে ফেলেছে ইতিহাস। জায়গা করে নিয়েছে নক আউট পর্বে। তবে শেষ ৩২-এ তাদের লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কেপ ভার্দে অবশ্য এতেও দমে যাচ্ছে না। অসম্ভবকে সম্ভব করার অনুপ্রেরণা নিয়েই লিওনেল মেসিদের বিপক্ষে খেলতে চায় দলটি।

সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউট চলে গেছে কেপ ভার্দে। নিজেদের প্রথম ম্যাচে দলটি স্পেনকেও রুখে দেয় ড্রয়ে। এরপর আরেক শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে করেছে ড্র। এবার শেষ ১৬-তে যাওয়ার লক্ষ্যে সামনে আর্জেন্টিনা।

আগামী শুক্রবার মায়ামিতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বুবিস্তা বলেন, “এই বিশ্বকাপে আমাদের প্রধান লক্ষ্য ছিল আমাদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরা। আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।”

নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য নিঃসন্দেহে বিশাল অর্জন। তবে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটাও কম রোমাঞ্চকর নয় পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দের জন্য।

মাঠে ছাড় না দিতে চাইলেও আর্জেন্টিনাকে সেই সম্মান দিয়েছেন বুবিস্তা, “আমরা এবং কেপ ভার্দের জনগন, সবাই এই দলের অর্জন নিয়ে গর্বিত। তবে সবার আগে আমরা গর্বিত যে আর্জেন্টিনার মত দলের বিপক্ষে খেলতে পারব।”

ফিফা র‍্যাংঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের গ্রুপ থেকে নকআউট পর্বে যাবে, এমনটা ভাবার লোক কমই ছিল। তবে চমকের পর চমক দেখিয়ে সেই কাজটাই করে দেখিয়েছে কেপ ভার্দে।

আর্জেন্টিনার বিপক্ষে তাই নির্ভার থেকেই খেলার বার্তা কেপ ভার্দে কোচের, “এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আর্জেন্টিনা এবং মেসির বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে পারা আমাদের দেশের জন্য গর্বের ব্যাপার।”

সম্পর্কিত