Advertisement Banner

রুশ তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রুশ তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ ফের এক মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার দুইদিন আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার রাতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই মেয়াদ বাড়ানোর লাইসেন্স প্রকাশ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন এই ঘোষণার আওতায়, শুক্রবার থেকে ১৬ মে পর্যন্ত জাহাজে তোলা রুশ তেল কেনা যাবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরান, কিউবা ও উত্তর কোরিয়া এই নিষেধাজ্ঞা শিথিলের আওতায় পড়বে না।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত চলাকালে গত ১১ মার্চ মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, ভারতের তেলশোধক সংস্থাগুলি সমুদ্রে ভাসমান রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। এর কয়েক দিন পরেই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ার তেল কেনার মেয়াদ ছিল গত ১১ এপ্রিল পর্যন্ত। ইরানের তেল কেনার মেয়াদ ছিল ১৯ এপ্রিল পর্যন্ত।

এর আগে ১৫ এপ্রিল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা রাশিয়ান তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করবো না, এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করব না। ১১ মার্চের আগে জাহাজে থাকা তেলের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য ছিল এবং তা ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে।”

এদিকে, একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের কাছে এই ছাড়ের মেয়াদবৃদ্ধি করার অনুরোধ জানিয়েছিল ভারতসহ এশিয়ার বেশকিছু দেশ।

সম্পর্কিত