Advertisement Banner

বগুড়ায় স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বগুড়ায় স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার
ছবি: ইউএনবি

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া শাখার সাবেক কোষাধ্যক্ষ ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শেরপুর উপজেলার একটি হোটেলে অভিযান চালিয়ে ডা. মিশুকে আটক করে।

তিনি বর্তমানে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার প্রয়াত চিকিৎসক ডা. সফদার হোসেনের ছেলে ডা. মিশু মঙ্গলবার রাতে এক চিকিৎসক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে হোটেলটিতে গিয়েছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি বগুড়া সদর থানায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ডা. মিশু এর আগে বগুড়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং বগুড়া সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি বাগেরহাট সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সম্পর্কিত