Advertisement

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ৬ দিনের সরকারি ছুটি অনুমোদন

বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ৬ দিনের সরকারি ছুটি অনুমোদন

চলতি বছর হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা।

Advertisement

খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন হজে অংশ নেওয়া মুসল্লিরা।

সে হিসাবে, আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে হজ। আর এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে ঈদুল আজহা।

Advertisement

সম্ভাব্য এ তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে শনি ও রোববার দুই দিন সাপ্তাহিক ছুটি। সে হিসাবে, আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন। পবিত্র হজের দিন (২৬ মে) দেশটিতে ছুটি থাকবে। সেই সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ছুটি থাকবে। অর্থাৎ সব মিলিয়ে এবারের ঈদুল আজহা ঘিরে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির বাসিন্দারা।