মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিজেদের অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন বলেছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তারা বিদেশিদের জিজ্ঞাসাবাদ করছে। এরই ধারাবাহিকতায় আজ রাজধানী কুয়ালালামপুরের ইএসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পাসপোর্ট সংক্রান্ত কাজে এসেছিলেন।
ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের ছেড়ে দেয়।
বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে।
মালয়েশিয়ায় যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য সকল প্রবাসীদেরকে অনুরোধ করেছে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।