ইরানের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভিডিও অবৈধভাবে ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল সোমবার (২ মার্চ) দেশটির গণমাধ্যম কুয়েত টাইমসে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।
কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে এমন একটি দল রয়েছে যারা অবৈধভাবে ঘটনাস্থলের ভিডিও ধারণ ও প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমত বিভ্রান্ত করেছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড নাগরিক ও প্রবাসীদের মধ্যে চরম ভীতি ছড়িয়েছে।
এ ছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতিশীল বা সমর্থনমূলক কনটেন্ট পোস্ট করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
কুয়েত পুলিশ জানিয়েছে, দেশটির সাইবার বিভাগ সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।