নিষেধাজ্ঞা থাকলেও সৌদি আরবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কল ফিচার ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। আজ রোববার এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
তবে এটি পরীক্ষামূলক বা স্থায়ী পরিবর্তন কি না তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ ।
প্রযুক্তি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল সুবাই জানিয়েছেন, এই পদক্ষেপটি টেলিযোগাযোগ এবং ডিজিটাল অবকাঠামো বাড়ানোর জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ। তবে না জানিয়ে এই ফিচার চালু করায় এ নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ২০১৫ সালে ভয়েস কল এবং ২০১৬ সালে ভিডিও কল ফিচার চালু করে। তবে নিয়ন্ত্রণমূলক নীতির কারণে সৌদি আরবে এই ফিচারগুলো কার্যকর ছিল না।
২০২৪ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার বিভিন্ন অ্যাপ যেমন স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও-ভিডিও কল করার ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে কর্তৃপক্ষ পরে তা অস্বীকার করে।