Advertisement

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চরচা প্রবাস ডেস্ক

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ছবি: আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ ৭ নভেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

Advertisement

সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক।

আঙ্কারার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পতাকা উত্তোলন শেষে দূতাবাসের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Advertisement

কর্মসূচির পরবর্তী অংশে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি ও তাৎপর্যের ওপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রেরিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. আমানুল হক ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তাবেদারি অপশাসন, দুর্নীতি ও ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পেয়েছিল।

ছবি: আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে
ছবি: আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, বৈষম্য ও সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে দেশের অগ্রযাত্রায় কাজ করার পাশাপাশি প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।