Advertisement

স্ত্রীর ছবি নিয়ে বিরোধে বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

চরচা প্রবাস ডেস্ক

স্ত্রীর ছবি নিয়ে বিরোধে বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

সামাজিত যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর ব্যক্তিগত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে কুয়েতে এক প্রবাসী বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত।

Advertisement

গত বুধবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের সরকারি কৌঁসুলিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আদালত ওই ব্যক্তিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।

কৌঁসুলিরা জানান, নিহত ব্যক্তি অভিযুক্তের স্ত্রীর কিছু ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ছবিগুলো সরিয়ে নিতে অস্বীকৃতি জানান।

Advertisement

আদালতে অভিযুক্ত জানান, তার স্ত্রীর সম্মতি ছাড়াই একবার তাদের বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধু ছবিগুলো তুলেছিলেন। পরে তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ ছবিগুলো পোস্ট করা হলে তিনি বন্ধুকে সেগুলো মুছে ফেলার জন্য বারবার অনুরোধ করেন।

কিন্তু বন্ধু ছবিগুলো সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। বরং পরে আরও কিছু ছবি পোস্ট করেন। এতে অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। এ ঘটনার জেরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং হত্যার পরিকল্পনা করেন বলে আদালতে জানান তিনি।

কৌঁসুলিরা বলেন, অভিযুক্ত আগে থেকেই হত্যার পরিকল্পনা করেছিলেন। তিনি একটি ছুরি সঙ্গে নিয়ে কর্মস্থলের একটি নির্দিষ্ট এলাকার বাইরে অপেক্ষা করছিলেন। তার বন্ধু ভেতরে অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়ার পর তিনি সেখানে অপেক্ষা করেন।

নিহত ব্যক্তি বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত তার ওপর হামলা চালান। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বারবার ছুরিকাঘাত করেন বলে কৌঁসুলিরা জানান।

আদালতের শুনানিতে অভিযুক্ত অভিযোগগুলো স্বীকার করেন। তিনি জানান, বিরোধের সূত্রপাতের আগে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।