পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা। এ ছাড়া, আয়োজন করা হয় বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মো. আবদুস সাত্তারের দুই দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী।
গতকাল শনিবার ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) অডিটোরিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যা এবং আলোকচিত্র গ্যালারিতে চিত্রপ্রদর্শনী আয়োজন করা হয়।
ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
দুই দিনব্যাপী চিত্রপ্রদর্শনী উদ্বোধন করেন পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতিবিষয়ক ফেডারেল মন্ত্রী আওরঙ্গজেব খান খিচি।
এ সময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলের প্রধান যুগ্মসচিব মো. মিজানুর রহমান, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য, সরকারি পদস্থ কর্মকর্তা, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের কূটনৈতিক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য, বাংলাদেশ কমিউনিটির সদস্য ও ইসলামাবাদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে একাডেমির লেকচার হলে তরুণ শিল্পী ও শিল্পবোদ্ধাদের সামনে বরেণ্য শিল্পী আবদুস সাত্তার ওরিয়েন্টাল চিত্রশিল্প সম্পর্কে ঘন্টাব্যাপী মূল্যবান বক্তব্য দেন।
ছবি: ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
পরে উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতারা পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) অডিটরিয়ামে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পীদের বর্ণাঢ্য নৃত্য ও সংগীত উপভোগ করেন।
ছবি: ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
অভ্যাগত দর্শক-শ্রোতারা বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম, নাচ ও গানের ভূয়সী প্রশংসা করেন।
গ্যালারিভর্তি দর্শক-শ্রোতা মুহুর্মুহু করতালি দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এবং বাংলাদেশি সংস্কৃতির প্রতি তাদের আকর্ষণ ও ভালোবাসার বহি:প্রকাশ ঘটান।
ছবি: ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
প্রায় দুই ঘন্টাব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশি শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও আধুনিক নাচ এবং গানের ঝংকারে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে লালনগীতি ও নজরুল সংগীতও পরিবেশিত হয়।
ছবি: ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
একক সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী পিয়াল হাসান, মো. ইশা খান ইথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসির ও নাজনীন আক্তার (মৌসুমী চৌধুরী)।
দলীয় নৃত্যে অংশ নেন খ্যাতনামা নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনি, ফারহানা চৌধুরী, আব্দুর রশিদ স্বপন ও গোলাম মোস্তফা।
ছবি: ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
মিউজিকে সহযোগিতা করেন মো. রাজু আহমেদ চৌধুরী (তবলা), মো. রাহাত আহমেদ হাসান (সিন্থেসাইজার), মো. ইকবাল হোসাইন খন্দকার (গিটার) এবং সৌরভ সাহা (অক্টপ্যাড)।