পারফর্মিং আর্টসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামের আওতায় বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল চার দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌছেছে।
গতকাল শুক্রবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু। পাকিস্তান সরকারের পক্ষে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টসের (পিএনসিএ) মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব জামালি এবং প্রটোকল সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে বাংলাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানরা রয়েছেন।
ছবি: ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস ও লোক ভির্জায় আজ ও আগামীকাল ( ১৭ ও ১৮ অক্টোবর) বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।