বৈধপথে প্রতিবছর ইতালিতে ১০ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। অবৈধভাবে যাওয়া থেকে বিরত থাকা ও সকলকে সচেতন করার ওপর জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুরের স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে তাদের কাউন্সিলিং করা হবে।
ইতালি যেতে আগ্রহীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইতালিতে দালালদের মাধ্যমে যারা অবৈধভাবে যাচ্ছে তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
মালোয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালোয়েশির হাইকমিশনারকে ২ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছে।