কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা অপ্রতীম হত্যার দ্রুতবিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই অপ্রতীমকে দাফন করা হয়।
গত শুক্রবার থেকে নিখোঁজ থাকা অপ্রতীমের মরদেহ শনিবার কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।