Advertisement Banner

কত রান নিরাপদ বাংলাদেশের জন্য

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কত রান নিরাপদ বাংলাদেশের জন্য
ছবি: বিসিবি

বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেই বিপদের মুখে পড়েছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই ফেরেন মাহমুদুল হাসান। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লু হন তিনি। সাদমান ইসলাম মুমিনুল হকের সঙ্গে যোগ দেন, কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২৩ রানে ফেরেন তিনিও। হাসান আলীর বলে সউদ শাকিলের হাতে ধরা পড়েন।

২৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ অবশ্য মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত শুরুর বিপর্যয় সামলেছে ভালোভাবেই। মুমিনুলের সঙ্গে নাজমুল হোসেনের জুটি দলকে নিয়ে গেছেন ৯৩–এ। এ মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আছে ১২০ রানে।

রেকর্ডের দিকে তাকালে বাংলাদেশ আশাবাদী হতেই পারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি কেউ তাড়া করতে পারেনি। ইংল্যান্ড ২০১০ সালে ওই রান তাড়া করে জিতেছিল। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এর বাইরে সর্বশেষ তিনবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৩৮, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ১৩৯ ও দক্ষিণ আফ্রিকা ১০৯ রান তাড়া করে জিতেছিল।

বাংলাদেশ এগিয়ে ১২০ রানে। কিন্তু কত রান নিরাপদ বাংলাদেশের জন্য? গতকাল সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, তিন শ রানের কথা। চতুর্থ দিনে প্রথম সেশনে সোয়া দুই ঘণ্টা ব্যাটিং করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮২ বলে ৩৭ আর নাজমুল হোসেন ৫৭ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন।

সম্পর্কিত