খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলায় গ্রেপ্তার চার আসামির সবাই আদালতে নিজেদের দোষ স্বীকার করলেন।
মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহিম খলিল মাহিমের কাছে ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসিফ।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে এসআরবি ৬-এর স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে আসিফকে গ্রেপ্তার করে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, এ হত্যা মামলায় আসিফের আগে গ্রেপ্তার হওয়া হাবিব রিফাত গত মঙ্গলবার এবং তারেক ওরফে রুবেল ও প্রতাপ সরকার গত বুধবার আদালতে ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। ফলে এ পর্যন্ত গ্রেপ্তার চারজনই হত্যার দায় স্বীকার করলেন।
গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড-সংলগ্ন ইসলামনগর এলাকার একটি চারতলা ভবনের ছাদে ভাত চুরির অভিযোগে শিক্ষার্থী আজমুলকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান। তবে স্বজনদের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার রাতে নিহত আজমুলের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।