Advertisement

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের প্রতিবাদে ৩৪ নাগরিকের উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের প্রতিবাদে ৩৪ নাগরিকের উদ্বেগ
প্রতীকী ছবি

বরেণ্য ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাসভবন ‘জবরদখলের’ খবরে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ৩৪ জন নাগরিক।

Advertisement

আজ শনিবার প্রকাশিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ ৩৪ জন নাগরিক।

বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে সংবাদ মাধ্যমের খবরে জানতে পারি, দেশবরেণ্য ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের ঝাউতলা এলাকার বাড়িটি জবরদখলের পাঁয়তারা চলছে বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, “শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ লক্ষ লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সেই দেশে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে যথাযথ মর্যাদায় স্মরণ করা বা তার সম্মানে দেশের কোনো প্রতিষ্ঠানের নামকরণ আজও করা হয়নি। এটি আমাদের জন্য লজ্জা ও ক্ষোভের বিষয়। পক্ষান্তরে, তার বাড়িতে স্মৃতি জাদুঘরের নামে সাইনবোর্ড ঝুলিয়ে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জবরদখলের যে অপপ্রয়াস চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

Advertisement

“অবিলম্বে সরকারের কাছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে সুরক্ষা দেওয়ার জন্য জবরদখলকারীদের ঝোলানো সাইনবোর্ড সরিয়ে তার পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সাথে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে জাতির পক্ষ থেকে যথাযথ মর্যাদা প্রদর্শনের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ তার নামে করা এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো একটি সড়কের নাম তার নামে নামাঙ্কিত করারও দাবি জানাচ্ছি।”