Advertisement Banner

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ১২ মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ১২ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: বাসস

সারা দেশে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের হাম সংক্রমণ পরিস্থিতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অপর একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩৮০ জন রোগী।

উল্লেখ্য, আজ রোববার থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি।

সম্পর্কিত