চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আজাদ ববির সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ খানের আপন ভাই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “আবুল কালাম আজাদ চেকের একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। বরিশালের একটি আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করেন। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, “আমার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ ছুটি নেননি। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসেও আসেননি। কেন আসেননি, এখনো জানা যায়নি।”
এ ব্যাপারে ববির প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, “প্রশাসনিকভাবে এ ধরনের কোনো তথ্য পাই নি।”