গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির স্থাপন করবে বলে আশা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন নদ-নদী ও পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশার কথা বলেন।
গোদাগাড়ী উপজেলায় পদ্মার ভাঙন এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত পদ্মার ভাঙনরোধে প্রায় ৭০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এছাড়া পদ্মার নাব্যতা রক্ষায় সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এই প্রকল্পটি ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।”
সকালে রাজশাহী সফরে এসে পবা উপজেলার নওহাটা ব্রিজ সংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্পের আওতাধীন এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
নদী পরিদর্শনকালে তিনি বলেন, “বারনই নদী দীর্ঘদিন ধরে ভরাট ও দূষণের শিকার। নদীর পানি এতটাই দূষিত যে, তা ব্যবহার করলে বা নদী পারাপারের সময় মানুষের শরীরে ঘা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। মানুষের এই দুর্ভোগ লাঘব ও নদীর পানি দূষণমুক্ত করতে পানিসম্পদ মন্ত্রণালয় নদীটি খনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।