রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চক্ষমতাসম্পন্ন আরও কয়েকটি ইউনিট নির্মাণের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন-রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ রাশিয়ান এনার্জি উইক ফোরামের ফাঁকে এ কথা জানিয়েছেন। খবর রাশিয়ার সংবাদমাধ্যম আরটির।
আরটি জানিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিট চলতি বছরের শেষ নাগাদ জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।
লিখাচেভ সাংবাদিকদের বলেন, “মূলত উচ্চক্ষমতাসম্পন্ন বড় ইউনিটের সম্ভাব্য নতুন পর্যায় নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমাদের বাংলাদেশি বন্ধুরা স্বল্পক্ষমতার ইউনিট এবং একটি গবেষণা চুল্লি নিয়েও আমাদের সঙ্গে আলোচনা করছেন। আমার দৃষ্টিতে, ভবিষ্যতে এর প্রধান উদ্দেশ্য হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়ানো।”