বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেখানে পাঁচ কারণে তাকে ফের রিমান্ডে চাওয়া হয়।
পাঁচটি কারণের মধ্যে রয়েছে— কেন এবং কী কারণে মামলার ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে (যেমন: পূর্বশত্রুতা, আর্থিক লেনদেন, নাকি রাজনৈতিক বা ব্যক্তিগত কোন্দল), তা নিশ্চিত হওয়া; হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা; মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের তথ্য সংগ্রহ করা; এই হত্যার পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী), ভাড়াটে খুনি বা সাহায্যকারী জড়িত আছেন কি না এবং তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা; ঘটনার চাক্ষুষ সাক্ষী বা সিসিটিভি ফুটেজের তথ্যের সঙ্গে আসামির জবানবন্দি মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিলিয়ে দেখা এবং অপরাধের ধরন ও প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।