Advertisement

রাজশাহী বিমানবন্দরের ফটকে ‘গ্রেনেড’ সদৃশ বস্তু উদ্ধার

রাজশাহী বিমানবন্দরের ফটকে ‘গ্রেনেড’ সদৃশ বস্তু উদ্ধার
শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে ‘গ্রেনেড’ সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। ছবি: চরচা

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে ‘গ্রেনেড’ সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে ‘গ্রেনেড’ সদৃশ দুটি বস্তু দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, “শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি ‘গ্রেনেড’ সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”