চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিরক্ষা দেয়ালে আটকে পড়া বিদেশি জাহাজটিকে এক কোটি টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ। স্টিয়ারিং গিয়ারে ত্রুটির তথ্য গোপন করে বন্দরে প্রবেশ করায় জাহাজটিকে জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাসের’ ক্যাপ্টেন এবং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে এ জরিমানা করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম চরচাকে বলেন, স্টিয়ারিং গিয়ারে ত্রুটির বিষয়টি জাহাজের পক্ষ থেকে তথ্য গোপন করা হয়েছে। সে কারণে জাহাজটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়। এর সাথে জরিমানার ওপর ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ১৫ লাখ টাকা যুক্ত করা হয়েছে।
গত ৫ আগস্ট বন্দরে প্রবেশের সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীর মোহনার কাছে লাল বয়ার সাথে ধাক্কা খায়। সে সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী প্রতিরক্ষা দেয়ালের সাথে আটকে যায়। পরে বন্দরে কয়েকটি টাগবোট, নৌবাহিনী ও কোস্ট র্গাড সদস্যদের সহায়তায় জাহাজটিকে উদ্ধার করে বহির্নোঙ্গরের বি অ্যাংকরেজে নিরাপদে নোঙ্গর করানো হয়।
মাল্টার পতাকাবাহী ১৭০ মিটার র্দীঘ জাহাজটিতে এক হাজার ২৮২ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের হিসেবে) কনটেইনার ছিল। ওই জাহাজে নাবিক ছিলেন মোট ২৪ জন।