Advertisement

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে নীরবে বাড়ছে ডায়াবেটিসের বিস্তার। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবে প্রতিনিয়ত এ রোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক।

Advertisement

আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) হিসাব অনুযায়ী, আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হবে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবসটি পালিত হয়।

১৯৯১ সালে আইডিএফ ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

Advertisement

ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আইডিএফের ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ফারিয়া আফসানা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

ডা. ফারিয়া আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করতে হবে।

এদিকে, আজ দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই এসব কর্মসূচির প্রধান লক্ষ্য।