Advertisement

‘জীবিত ফিরতে না-ও পারি’, কারাগার থেকে ইমরান খানের খোলা চিঠি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

‘জীবিত ফিরতে না-ও পারি’, কারাগার থেকে ইমরান খানের খোলা চিঠি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ফাইল ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়ে দেশের শীর্ষ তিন আদালতের প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠি দিয়েছেন।

Advertisement

স্থানীয় সময় গতকাল সোমবার ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) এবং ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের উদ্দেশে তিনি এই চিঠি লেখেন। খবর দ্য ডনের।

চিঠিতে স্বাস্থ্যঝুঁকি এবং নির্জন কারাকক্ষে মানবেতর অবস্থার বিবরণ তুলে ধরে ইমরান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত চিকিৎসা না পেলে তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি শেয়ার করেছেন। তিনি গত ২ নভেম্বর ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন। চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতের সময় ইমরান খান সফদারকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি ‘মহামান্য বিচারপতিদের কাছে তার কথা পৌঁছে দেন’।

Advertisement

চিঠিতে বলা হয়েছে, “আমি এই নির্দেশনার ভিত্তিতেই বিশ্বস্ততার সঙ্গে চিঠিটি পৌঁছে দিয়েছি। এর পরের কথাগুলো তারই (ইমরানের)।” চিঠিতে সফদারের সইও ছিল।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী লেখেন, “আমি সারা জীবন হাসপাতাল তৈরির পেছনে ব্যয় করেছি, যাতে যাদের চিকিৎসার সামর্থ্য নেই তারা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। আজ আমি শুধু এটুকুই চাইছি, যেন আমার স্ত্রী এবং আমাকে চিকিৎসা দেওয়া হয়।”

চিঠিতে ইমরান খান লিখেছেন, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন যে তিনি ‘মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন’ এবং তার হৃদপিণ্ড ইতোমধ্যেই ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে। স্ত্রী বুশরা বিবিকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ইমরান খান আরও লিখেছেন, “আমি কোনো সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসেবে এই চিঠি লিখছি না। আমি পাকিস্তানকে আমার পুরো জীবন দিয়েছি। ক্রিকেট মাঠ থেকে শুরু করে সমাজসেবা, জনহিতকর কাজ এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আমি জাতির সেবা করেছি। জীবনের ৭০ বছর পর্যন্ত আমার নামে একটিও ফৌজদারি মামলা ছিল না।”

“৭০ বছর বয়সের পর আমার বিরুদ্ধে শুরু হয় রাজনৈতিক নিপীড়নের এক নজিরবিহীন ও নির্মম অভিযান। এত কিছুর পরও আমি আইনের পথই বেছে নিয়েছি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিটি মামলা আদালতেই মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই লড়াই থেকে কখনও পিছু হটিনি।"

ইমরান খান জানিয়েছেন, তাকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। সেখানে তাকে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি বই পড়া বা টেলিভিশন দেখারও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না।

ইমরান খানের দাবি, বর্তমান পরিস্থিতি তাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়ত আর জীবিত অবস্থায় ফিরবেন না। তিনি বলেন যে, বেঁচে থাকলেই কেবল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন।