ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে ভিসা ও এনভিআর সেবা দিতে সাময়িক বিলম্ব হচ্ছে। সার্ভারটি সচল করতে কাজ করছে সংশ্লিষ্ট কারিগরি দল। আবেদনকারীদের এ সময়ে ধৈর্য ধরার এবং জরুরি ভ্রমণের পরিকল্পনা না করার অনুরোধ করা হয়েছে।
গতকাল সোমবার রাতে এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
ওই কর্মকর্তা জানান, বাংলাদেশের ডিআইপির কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে বর্তমানে এমআরভি (মেশিন রিডেবল ভিসা) সার্ভারটি বন্ধ রয়েছে। বিদেশে বাংলাদেশের সব মিশনই একই সমস্যার মুখোমুখি হচ্ছে।
ইউরোপের একটি দেশ থেকে ভিসার জন্য এক আবেদনকারী ইউএনবিকে জানান, তিনি অনলাইনে ভিসার আবেদন জমা দিলেও কারিগরি সমস্যার কারণে প্রক্রিয়াটি এগিয়ে নিতে পারছেন না।
আবেদনকারী বলেন, আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে একটি ইমেইল পাওয়ার কথা সিস্টেমে বলা হলেও এখন পর্যন্ত কোনো ইমেইল পাননি। এ ছাড়া বারবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ইউএনবি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে এনভিআর (নো ভিসা রিকোয়ার্ড) ও ভিসার আবেদন প্রক্রিয়া এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে।কারিগরি সমস্যাগুলো সমাধান এবং কেন্দ্রীয় সিস্টেমটি যত দ্রুত সম্ভব সচল করতে কাজ করছে ডিআইপি।
সরকার আবেদনকারীদের তাদের আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে। এ সময় আবেদনের অবস্থা জানতে বারবার যোগাযোগ না করারও অনুরোধ করা হয়েছে।
এদিকে, বার্লিনে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার ধৈর্য, সহযোগিতা ও বিষয়টি বোঝার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।
ইউএনবির প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় সিস্টেম চালু হওয়ার পর এবং স্বাভাবিক ভিসা সেবা আবার শুরু হলে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আবেদনকারীদের জানানো হবে।
আবেদনকারীদের সাময়িক এই অসুবিধার বিষয়টি সহনশীলতার সঙ্গে দেখার অনুরোধ করেছে দূতাবাসগুলো। একই সঙ্গে সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত, সম্ভব হলে দ্রুত ভিসা প্রক্রিয়ার ওপর নির্ভর করে জরুরি ভ্রমণের পরিকল্পনা না করার অনুরোধ করা হয়েছে।