বরিশালে একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আমেনা খানম (৬৫) মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওই বাসায় তিনি একাই থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের বরাতে জানা যায়, প্রায় এক বছর আগে বাসার দ্বিতীয় তলায় ভাড়া ওঠেন আমেনা খানম। বুধবার রাতে তার কক্ষের পাশ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি তার ছেলেকে জানানো হয়। আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
পরে তার ছেলে খবর দিলে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা খানমের মরদেহ পাওয়া যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, “মরদেহটির কক্ষ থেকে গন্ধ ছড়িয়ে পরে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।”