বাংলাদেশে হামের চিকিৎসার খরচ সামলাতে গিয়ে অনেক পরিবারের ঘাড়ে এখন ঋণের বোঝা। আজ সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামে আক্রান্ত পরিবারের ৮৯ শতাংশ চিকিৎসার খরচ মেটাতে ঋণ নিয়েছে। আবার ৬১ শতাংশ পরিবার নিজেদের সব সঞ্চয় খরচ করে ফেলেছে। শুধু হাসপাতালের চিকিৎসাই নয়, যাতায়াত, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, খাবারসহ নানা খরচ অনেকের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) যৌথ এক মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া প্রতিটি পরিবারই জানিয়েছে, তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন ওষুধের, এমনটি বলেছে ৩৫ শতাংশ পরিবার। ৩৩ শতাংশ পরিবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সহায়তা চেয়েছে। আর ২২ শতাংশ পরিবার খাদ্য সহায়তাকে সবচেয়ে জরুরি বলে জানিয়েছে।
এ ছাড়া ৪ শতাংশ পরিবার চিকিৎসার খরচ চালাতে নিজেদের সম্পদ বিক্রি করেছে। ৩ শতাংশ পরিবার অন্যের অনুদানের ওপর নির্ভর করেছে।
এই মূল্যায়ন করা হয়েছে দেশের ১২টি সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত ২ হাজার ৭৪৬টি পরিবারের ওপর। এতে দেখা গেছে, হামের আর্থিক প্রভাব শুধু চিকিৎসা ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। যাতায়াত, খাবারসহ নানা আনুষাঙ্গিক খরচও রয়েছে এর মধ্যে।