সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৭ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৮ শিশুর। অন্যদিকে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরো ৯৬ শিশু প্রাণ হারিয়েছে। এর ফলে হাম ও এর উপসর্গে মোট ৮৪৪ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ১১৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২ জন। একই সময়ে ৯৪৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৮৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩, আর নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১২ হাজার ৬২০ রোগী। তাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।