Advertisement

চট্টগ্রাম কাস্টমসের ৮১ হাজার ৪৭১ কোটি টাকা রাজস্ব আদায়

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম কাস্টমসের ৮১ হাজার ৪৭১ কোটি টাকা রাজস্ব আদায়

২০২৫-২০২৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। তবে রেকর্ড গড়লেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস মোট ৮১ হাজার ৪৭১ দশমিক ৩৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা জানান, বিদায়ী অর্থবছরে এই স্টেশনের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লাখ দুই হাজার ২৯৫ কোটি টাকা। সে তুলনায় লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের অর্থবছরের (২০২৪–২০২৫) চেয়ে এবার রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমীন জানান, আগের অর্থবছরের (২০২৪–২০২৫) তুলনায় এবার ৮ হাজার ৯৬৯ দশমিক ৯৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। সেই হিসাবে এবার রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ।

Advertisement

এর আগের ২০২৪-২০২৫ অর্থবছরে ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ৭২ হাজার ৫০২ দশমিক ৪১ কোটি টাকা।

মাসভিত্তিক হিসাবে বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এই এক মাসে আদায় হয়েছে ৩ হাজার ৮৮৫ কোটি টাকা, যা ২০২৫ সালের জুন মাসের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি।