ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে।”
আজ সোমবার কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সানাউল্লাহ বলেন, “দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে চার হাজার ৫৮০টি। এসব ইউনিয়নে সাত ধাপে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর নির্বাচন হতে পারে।”
নির্বাচন কমিশনার বলেন, “চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ১২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
এই নির্বাচন কমিশনার বলেন, “প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। প্রস্তাবিত সাত ধাপের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে।”